সাতক্ষীরায় গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন
সংবাদদাতা: আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধিকার এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের স্বীকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, সাংবাদিক জিল্লুর রহমান, শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সামিউল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত সময় সাতক্ষীরার জনিসহ অসংখ্য মানুষ গুম হয়েছিলো। দীর্ঘ ১০ বছর পার হলেও এখনও গুমের স্বীকার ব্যক্তিদের সন্ধান মেলেনি। দেশে নির্বাচিত সরকারের মেয়াদ ৪ মাস হতে যাচ্ছে, কিন্ত গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার ও তাদের পরিবারের পাশে দাড়ানোর কোন উদ্যোগ চোখে পড়েনি। অবিলম্বে গুমের স্বীকার ব্যক্তিদের পরিবারের পাশে সরকারকে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান বক্তারা। মানববন্ধনে গুম কমিশন আইন বাস্তবায়নের জোর দাবী জানান ভূক্তভোগীর পরিবারের সদস্যরা।
মানববন্ধনে ২০১৬ সালে সাতক্ষীরা সদর থানার লকাপ হতে গুমের স্বীকার ডাঃ মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রশিদ বলেন, ২০১৬ সালে ৪ আগস্ট আমার ছেলে মোখলেছুর রহমান জনিকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানার লকাপে রাখা অবস্থায় ৩ দিন তাকে খাবার দিয়েছিলাম। তার পরে আর আমার জনিকে পাওয়া যায় যায়নি। গুমের সাথে জড়িত তৎকালীন ওসি এমদাদসহ আসামীরা এখনও পলাতক। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচার করার জোর দাবী জানাচ্ছি। এসময় গুমের স্বীকার জনির কন্যা সন্তান, বৃদ্ধ পিতাসহ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানান বৃদ্ধ শেখ আব্দুর রাশেদ।









