রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও নদী-খাল পুনরুদ্ধারে নাগরিক পরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও নদী-খাল পুনরুদ্ধারে নাগরিক পরামর্শ সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, নদী-খাল দখলমুক্ত ও পুনরুদ্ধার এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা শহরের পাবলিক লাইব্রেরিতে এক নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এতে পরিবেশকর্মী, নদী ও পানি বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষক, কৃষক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নদী-খালের নাব্যতা সংকট, অবৈধ দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে সাতক্ষীরায় জলাবদ্ধতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এর ফলে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য ও স্থানীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

তারা বলেন, শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব নয়। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, প্রাকৃতিক পানি ধারণ ও নিষ্কাশন ব্যবস্থা পুন:প্রতিষ্ঠা, টেকসই নদী ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় টেকসই পানি ব্যবস্থাপনা, নদী-খাল পুনঃখনন, টিআরএম-এর কার্যকারিতা, আইন বাস্তবায়ন, নাগরিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনার সঙ্গে পানি ব্যবস্থাপনাকে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা থেকে ১০ দফা নাগরিক সুপারিশ উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-জেলার সকল নদী ও খালের সীমানা নির্ধারণ ও ডিজিটাল মানচিত্র প্রণয়ন, অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান, নদী-খাল পুনঃখননের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া বড় অবকাঠামো নির্মাণ না করা, নদী ও খাল সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং প্রতি বছর নাগরিক পর্যবেক্ষণ সভার আয়োজন।

সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে উপস্থাপনের জন্য একটি ‘সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র’ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার আয়োজকদের ভাষ্য, নদী বাঁচলে সাতক্ষীরা বাঁচবে, জলপ্রবাহ ফিরলে জলাবদ্ধতা কমবে”-এই লক্ষ্যকে সামনে রেখেই নাগরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের  সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও লেখক কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দুলু, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মনির উদ্দীন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজীব, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, গোলাম সরোয়ার, রঘুনাথ খাঁ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, হেডের পরিচালক রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, জলাবদ্ধতায় কবলিত ক্ষতিগ্রস্ত ফিংড়ী এলাকার জিল্লুর রহমান, বাকাল এলাকার মো. কামরুজ্জামান কামু, ইটাগাছা এলাকার রেশমা খাতুন, কামালনগরের বায়জিদ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুল।

Ads small one

বুধহাটায় জানাজা চলার সময় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
বুধহাটায় জানাজা চলার সময় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
রোববার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় বাসিন্দা হাফিজুলের মায়ের জানাজায় অংশ নিতে যান বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম। তিনি তাঁর অ্যাশ রঙের হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা হ-১৮-৫৮১৭) লক করে মসজিদ প্রাঙ্গণে রাখেন। জানাজা শেষে ফিরে তিনি দেখেন দুর্বৃত্তরা তালা ভেঙে বাহনটি নিয়ে চম্পট দিয়েছে।
প্রকাশ্য দিবালোকে ও একটি ধর্মীয় অনুষ্ঠানের স্থান থেকে এভাবে বাইক চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী অ্যাডভোকেট শহিদুল ইসলাম জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

কালিগঞ্জে প্রকল্পের তথ্য চাওয়ায় পিআইওর বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
কালিগঞ্জে প্রকল্পের তথ্য চাওয়ায় পিআইওর বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে যাওয়া এক সাংবাদিকের কাছ থেকে চার হাজার টাকা দাবি, অসৌজন্যমূলক আচরণ ও মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী সরকারি তথ্য চেয়ে পিআইও কার্যালয়ে নির্ধারিত আবেদন জমা দিতে যান। অভিযোগ অনুযায়ী, ফাইল প্রস্তুতের ‘লেবার খরচ’ বাবদ তখন তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করেন কর্মকর্তা মফিজুল ইসলাম। এতে আপত্তি জানালে বাগ্বিত-া তৈরি হয় এবং একপর্যায়ে ওই সাংবাদিকের মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়।
পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মুঠোফোনটি ফেরত দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মফিজুল ইসলাম টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করলেও মুঠোফোন হস্তগত করার ঘটনাটি স্বীকার করেন। কালিগঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, বিনা অনুমতিতে ভিডিও ধারণ করায় মুঠোফোনটি নেওয়া হয়েছিল, যা পরে ফেরত দেওয়া হয়েছে। এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতি দাবি জানিয়েছে স্থানীয় রিপোর্টার্স ক্লাব।

কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৭

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশি অভিযানে ৩২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কলারোয়া থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উত্তর দেয়াড়া এলাকার গোলাম মোস্তফা সানা (৪৪), ফয়সাল আহমেদ (২৩), হাবিবুল ইসলাম (২৫), আব্দুল রহিম (৪০), মাসুদ আলম (৩২), বুলবুল আহমেদ (৩৬) এবং লাঙ্গলঝাড়া গ্রামের বাসিন্দা হাসান (৪৬)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, পুলিশের একটি দল দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই সময়ে লাঙ্গলঝাড়া থেকে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে ধরা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।