কালিগঞ্জে গ্রাম পুলিশের বিরুদ্ধে বিকাশ থেকে সোয়া লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালীগঞ্জে এক গ্রাম পুলিশের সহায়তায় অভিনব প্রতারণার ফাঁদে পড়ে বিকাশ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা হারিয়েছেন এক ভুক্তভোগী পরিবার। প্রতারণার শিকার ফাহাদ হোসেন উপজেলার রতনপুর গ্রামের শেখ শোকর আলীর ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফাহাদ হোসেনের পিতা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আটক রয়েছেন। গত ২৮ জুলাই বিকেলে রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মিলন হোসেন তাঁদের বাড়িতে গিয়ে জানান যে তাঁর বাবা কারাগারে স্ট্রোক করেছেন। এ সময় চিকিৎসাসহ বিভিন্ন জরুরি সহায়তার কথা বলে ভুক্তভোগী পরিবারের কাছে তথাকথিত জেলা পুলিশ, ডাক্তার ও কালীগঞ্জ থানা পুলিশের কয়েকটি মুঠোফোন নম্বর সরবরাহ করেন ওই গ্রাম পুলিশ।
বাবার অসুস্থতার কথা শুনে ফাহাদের দুবাই প্রবাসী বড় ভাই ফয়সাল হোসেন সরবরাহ করা ‘ডাক্তার’ পরিচয়ধারী নম্বরে যোগাযোগ করেন। তখন ওই ব্যক্তি জানান, চিকিৎসার জন্য মোট ১ লাখ ৮০ হাজার টাকা প্রয়োজন, যার মধ্যে জরুরিভিত্তিতে একটি অংশ এখনই পাঠাতে হবে। বাবার প্রাণ বাঁচাতে স্বজনেরা বিভিন্ন সময়ে বিকাশ নম্বরের মাধ্যমে কয়েক দফায় মোট ১ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকা পাঠান।
টাকা পাঠানোর পরপরই ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পরবর্তীতে ফাহাদ হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ মিলন হোসেন দাবি করেন, তিনি থানা থেকে ফোন পেয়ে শোকর আলীর অসুস্থতার সংবাদ কেবল পরিবারকে পৌঁছে দিয়েছিলেন। এর বেশি তিনি আর কিছুই জানেন না।
ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।









