সাতক্ষীরায় তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে ভোজ্যতেল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বড় বাজারের ‘মেসার্স হাজী ট্রেডার্স’-এর গুদামে ৪২১ ব্যারেল এবং ‘মেসার্স সাধু স্টোর’-এ ২০৪ ব্যারেল ভোজ্যতেলের মজুত পাওয়া যায়। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে মজুত করা তেল দ্রুত বাজারে সরবরাহ করার জন্য প্রতিষ্ঠান দুটিকে নির্দেশ দেওয়া হয়। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, এই দুটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ তেল মজুত করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল। ফলে গত এক সপ্তাহে পাইকারি ও খুচরা পর্যায়ে লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়ে যায়।
তিনি আরও বলেন, “ভোক্তাদের ভোগান্তি তৈরি করে বাজার অস্থির করার এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা আমরা খতিয়ে দেখছি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি চলবে। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য মজুত রাখলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






