সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা বাটকেখালিতে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণীর ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এ ঘটনায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








