সাতক্ষীরায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরী পারিবারিক সহিংসতা ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষাকর্মী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সুপারভাইজার ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। পরবর্তীতে বিষয়টিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ কিশোরীর শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি পারিবারিক সহিংসতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই এটি প্রতিরোধে পরিবারের পাশাপাশি স্থানীয়দের সচেতন থাকা জরুরি।
বাল্যবিবাহ প্রতিরোধকর্মী মোহাম্মদ সাকিবুর রহমান জানান, কিশোরীর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কিশোরীর নিরাপত্তা ও ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিতের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন আইনজীবী এস এম বিপ্লব হোসেন।









