সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের সূচনা হয়। বর্ষবরণ উপলক্ষে পুরো স্কুল সাজানো হয়েছিল নতুন সাজে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। রঙিন পোশাকে সজ্জিত সোনামণিদের এই পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির হাজার বছরের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তী ও কেয়া চৌধুরী। তাঁদের পরিবেশিত গান দর্শকদের মাঝে বাড়তি মুগ্ধতা ও আনন্দ ছড়িয়ে দেয়।
সাংস্কৃতিক পর্ব শেষে পহেলা বৈশাখের ঐতিহ্য মেনে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের আপ্যায়ন করা হয় চিড়া, কলা, দই ও বাতাসা দিয়ে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুর রহমান কাজল বলেন, “নতুন প্রজন্মের মাঝে বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা পহেলা বৈশাখের গুরুত্ব ও শেকড় সম্পর্কে জানতে পারবে।”









