সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা
পত্রদূত ডেস্ক: নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের আহ্বানে সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদিসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা ও নানা নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।






