কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি আবু রাসেল আশকারী এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণ জরুরি। পরিকল্পিত উৎপাদন বাড়ানো গেলে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ বাড়বে।
এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরোপ্রধান শেখ শরিফুল ইসলামসহ খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






