শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় বিলে ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিলে ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী নিজের মৎস্য ঘেরের টোং ঘরের আলো নেভাতে যান। এ সময় ঘেরের পানির মধ্যে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয় লোকজন এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন।
ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন ফোন, সিগারেটের প্যাকেট ও পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনেরা ও স্থানীয় বাসিন্দারা জানান, সুমনের এই মৃত্যু রহস্যজনক। তাঁদের ধারণা, কোনো সসংঘবদ্ধ অপরাধী চক্র পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় সুমন বিষয়টি দেখে ফেলায় তাঁকে হত্যা করে ঘেরে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, মাগুরা গ্রামের কিসমত আলী ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলে তার ঘেরে যান মাছ ধরতে। তিনি সেখানে গিয়ে দেখেন ঘেরের ভিতরে পানিতে একটি মরদেহ পড়ে আছে। বিষয়টি তিনি সাথে সাথে স্থানীয়দেরকে জানান। পরে সেখান থেকে সদর থানায় পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে মূল কারণ কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।