সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শারীরিক গঠন ও সুস্থতার জন্য অপরিহার্য। তবে সাঁতার কেবল একটি খেলা নয়, এটি জীবন রক্ষাকারী একটি দক্ষতাও বটে। বিপদ থেকে নিজেকে রক্ষা করতে প্রত্যেকেরই সাঁতার শেখা জরুরি।”
সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী এবং সাঁতার প্রশিক্ষক জাহিদ হাসান। আয়োজকেরা জানান, মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে সাতক্ষীরার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতারের আধুনিক কলাকৌশল ও জীবন রক্ষার বিভিন্ন কৌশল শেখানো হবে।












