সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির সন্দেহে কিশোরকে মারধর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির সন্দেহে এক (১৫) কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকার অ্যাপেক্স শোরুমের সামনে এ ঘটনা ঘটে। কিশোরের বাবা সাতক্ষীরা ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। ওই দিন এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার কথা বলে পরীক্ষামূলকভাবে চালানোর বাহানায় সেটি নিয়ে সটকে পড়েন। পরে পুলিশের সহায়তায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কিশোরের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাবার সঙ্গে বড়বাজার এলাকায় জুতা কিনতে যায় তার ছেলে। একই সময়ে ওই মোটরসাইকেলের মালিক শাহীন ইসলামও সেখানে উপস্থিত হন। তিনি কিশোরকে দেখে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে হঠাৎ আটক করে মারধর শুরু করেন।
অন্যদিকে শাহীন ইসলামের দাবি, কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার কথা বলে কিশোর সেটি নিয়ে পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার তাকে দেখতে পেয়ে তিনি তাকে আটক করেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কিশোর ও তার বাবাকে হেফাজতে নিয়ে থানায় যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



