সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৩ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২২ ও ২৩ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন বাঁকাল চেকপোস্ট ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, টুথপেস্ট, বডি স্প্রে, ফেসওয়াশ ও মোবাইল ফোনের চার্জার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল সাতক্ষীরা মেডিকেল ব্রিজ এলাকা থেকে ৭০ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, টুথপেস্ট, বডি স্প্রে ও ফেসওয়াশ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির দল কলারোয়ার ভাদিয়ালি আমবাগান এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের চার্জার জব্দ করে।
দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি জানায়। চোরাচালান প্রতিরোধ ও দেশীয় শিল্প সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।






