রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জন করে ২০২৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে যুক্ত হওয়া নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট শহীদ হাসান বাবুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এস এম বিপ্লব ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আয়োজকরা। অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন মো. আব্দুস সামাদ, তনুজা পিয়াসী শাওলীন ও শারমিন সুলতানা রিমা। এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট বাহারুল ইসলাম, অ্যাডভোকেট হাসিব, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট রেজাউল করিম রকি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ পেশায় সফল হতে হলে আইনের জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, ধৈর্য ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। তাঁরা নবীন আইনজীবীদের নিয়মিত আইনচর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জ্যেষ্ঠ আইনজীবীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শহীদ হাসান বাবু বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায়, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নবীন আইনজীবীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের প্রীতি উপহার প্রদান করা হয়। পরে আয়োজক ও উপস্থিত আইনজীবীরা নবীনদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। একসঙ্গে বসে খাওয়াদাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Ads small one

সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

গোলাম সরোয়ার: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তাঁর ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু শয্যা না থাকায় তাকে হাসপাতালের বারান্দায় রাখতে হয়েছে। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

একইভাবে তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তাঁর দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই শিশুটিকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০ শিশু ভর্তি থাকে। সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রকোপ শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জেলা সদরে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শীতের মৌসুমে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট নিরসন এখন জরুরি হয়ে উঠেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় এ জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।