সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ সূচনা
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৬-২৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, সব খেলাধুলাই শারীরিক ফিটনেস ঠিক রাখে এবং শরীর সুস্থ রাখে। এর মধ্যে সাঁতার একটি জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা সম্ভব, তাই প্রত্যেকের জন্যই সাঁতার শেখা জরুরি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ফুটবল প্রশিক্ষক ইকবাল কবির খান বাপ্পি, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, ইকরামুল ইসলাম লালু, মো. আলতাফ হোসেন এবং সাঁতার প্রশিক্ষক ও ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান। মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।









