সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির বিশেষ সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে শহরের জেলা ট্রাক মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনসহ সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমিতির সভাপতি তাহমিদ শাহেদ চয়নের ভার্চ্যুয়াল সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সাঈদ আহমেদ রঞ্জুসহ সমিতির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন এবং কমিটির পরিধি বাড়ানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া জেলার ট্রাক মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও পরিবহন খাতের চলমান পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সমিতির নেতৃবৃন্দ বলেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সংগঠনকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গঠনতন্ত্রের এই সংশোধন বিশেষ ভূমিকা রাখবে। সভায় জেলা ট্রাক মালিক সমিতির বিভিন্ন ইউনিটের প্রতিনিধি ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










