সাতক্ষীরা বকচরায় মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের একটি মৎস্য ঘেরের জমি নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বকচরা গ্রামের মৃত সোলাইমান লস্করের পুত্র আরিজুল ইসলামের ৪ বিঘা জমির একটি মৎস্য ঘেরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত সৈয়েদার রহমানের পুত্র আব্দুস সবুর, মৃত মতিয়ার রহমানের পুত্র হবিবর রহমান, মৃত আনারউদ্দীনের পুত্র সোহরাব হোসেন এবং সোহরাবের পুত্র আমির হামজা ও আল আমিনের মধ্যে বিরোধ চলছিল।
গত ১৬ মে বিকেলে ঘেরের সেচ পাম্পের ঘর ভাঙচুর, ঘেরের ভেড়িতে লাগানো বিভিন্ন তরকারি গাছ কর্তনসহ ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী আরিজুল ইসলামের দাবী প্রতিপক্ষ পূর্ব বিরোধের জের ধরে এই ক্ষয়ক্ষতি করেছে। এঘটনায় ভুক্তভোগী আরিজুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









