সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান বিষয়ক সায়েন্টিফিক সেমিনার
পত্রদূত ডেস্ক: লিভারের জটিল রোগ নির্ণয়ে প্রচলিত বায়োপসির বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি ফাইব্রোস্ক্যান ব্যবহারের মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটে ব্যথামুক্তভাবে লিভারের অবস্থা নির্ণয় করা সম্ভব। এ প্রযুক্তিতে ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসের অবস্থা শনাক্ত করা যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে ফাইব্রোস্ক্যান প্রযুক্তি এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।
ফ্রান্সের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্সের পরিবেশক কেএনএস কানাডা বিডির আয়োজনে এবং হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ফাইব্রোস্ক্যান একটি আধুনিক ও ব্যথামুক্ত রোগ নির্ণয় পদ্ধতি। ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তিদের লিভারের জটিলতা শনাক্ত করতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে লিভারের ক্ষত ও সিরোসিসের ঝুঁকি প্রাথমিক পর্যায়ে নির্ণয়ে এটি সহায়ক।
অনুষ্ঠানে কেএনএস কানাডা বিডির অ্যাডমিন ও এইচআর ম্যানেজার আহসানুল হকসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা বাড়লে লিভারের জটিল রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে।






