সাতক্ষীরা সদরে আড়াই শতাধিক প্রতিবন্ধীর সুবর্ণ কার্ডের জন্য আবেদন যাচাই-বাছাই
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ কার্ড প্রদানের লক্ষ্যে আবেদনপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। তিনি প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি হিসেবে সভায় নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সুবর্ণ কার্ড পাওয়ার জন্য আড়াই শতাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। সভায় কমিটির সদস্যরা আবেদনকারীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। যাদের কাগজপত্র সঠিক ও নিয়ম অনুযায়ী পাওয়া গেছে, তাদের নাম কার্ড প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যাচাই-বাছাই সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) বিশ্বজিৎ কুমার। এ ছাড়াও কমিটির সদস্য মো. আনিসুর রহমান ও আবুল কালাম আজাদসহ অন্যান্যরা সভায় অংশ নেন।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানানো হয়, প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়ায় কঠোরতা অবলম্বন করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রণয়নের পর পর্যায়ক্রমে তাদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হবে।







