সাতক্ষীরা সরকারি কলেজে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
সংবাদদাতা: পরিবেশ সুরক্ষা ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’। একই সঙ্গে শিক্ষার্থীদের সচেতন করতে ক্যাম্পাসের গাছগুলোতে সচেতনতামূলক ব্যানার টানানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম। এ সময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধ্যক্ষ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুস্থ শিক্ষার পরিবেশের অন্যতম শর্ত। স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।
সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্পাসে ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।







