সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনবরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ ও ১৪ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইনস্টিটিউট শাখা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা সভাপতি সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী ও অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিক্ষার সার্থকতা শুধু সনদ অর্জন বা ভালো চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষিত হয়ে দুর্নীতি, ঘুষ ও অন্যায়ের সঙ্গে জড়ালে শিক্ষার মর্যাদা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। ছাত্রশিবির মেধাবীদের পড়াশোনা, আচার-আচরণ, ব্যক্তিত্ব ও নৈতিক বিকাশে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এসব নেতৃত্বে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে বলে তিনি দাবি করেন। শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, পানি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নে সংগঠনটি কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে সেমিস্টারভিত্তিক ফলাফলে প্রথম হওয়া ১৪ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। নবীন শিক্ষার্থীদের ফুল, কোরআন, চাবির রিং, ইসলামি বই ও সংগঠনের পরিচিতি তুলে দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট শাখার সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।






