সুন্দরবনের শতাব্দীপ্রাচীন দুবলার চরে রাস উৎসব
প্রকাশ ঘোষ বিধান
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চর শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী রাস উৎসব বা রাসমেলার জন্য পরিচিত। প্রতি বছর কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে গহিন অরণ্য ও উত্তাল বঙ্গোপসাগরের মোহনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসব বাংলার ধর্মীয় ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক অনন্য নিদর্শন।
দুবলার চরে রাস উৎসবের সূচনা ঠিক কবে, তা নিয়ে মতভেদ রয়েছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, উৎসবটি প্রায় দুইশত বছরের পুরোনো। তবে প্রচলিত ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে হরিচাঁদ ঠাকুরের অনুসারী বনবাসী সাধু হরিভজন এই উৎসবের সূচনা করেন। কথিত আছে, তিনি দীর্ঘদিন সুন্দরবনের গহিন অরণ্যে ফলমূল খেয়ে জীবন ধারণ ও ধ্যানমগ্ন ছিলেন। তাঁর উদ্যোগে কার্তিক মাসের রাস পূর্ণিমায় দুবলার চরে পূজা-অর্চনা ও পুণ্যস্নানের প্রচলন ঘটে। পরবর্তীকালে এই ধর্মীয় আয়োজন বৃহত্তর উৎসবে রূপ নেয়।
রাস উৎসব মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাধাকৃষ্ণের রাসলীলাকে কেন্দ্র করে বৈষ্ণবীয় ভাবধারায় পালিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাস পূর্ণিমায় পুণ্যস্নান করলে পাপমোচন ও পুণ্য অর্জন হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী বঙ্গোপসাগরের দুবলার চরে সমবেত হন। পূর্ণিমার আলোয় সাগর ও অরণ্যের অপূর্ব পরিবেশে ভক্তদের উপস্থিতিতে উৎসবটি এক বিশেষ আবহ তৈরি করে।
তিন দিনব্যাপী রাস উৎসবে রাধাকৃষ্ণের পূজা, নামসংকীর্তন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, আরতি ও ভজন অনুষ্ঠিত হয়। খোল-করতালের সুরে মুখর হয়ে ওঠে উৎসবস্থল। উৎসবের প্রধান আকর্ষণ পুণ্যস্নান। পূর্ণিমার ভোরে সূর্যোদয়ের সময় পুণ্যার্থীরা বঙ্গোপসাগরের লোনা পানিতে স্নান করেন। অনেকে সাগরের জলে ফল ও নৈবেদ্য ভাসিয়ে সূর্যদেবতা ও সাগরকে প্রণাম জানান। ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতি থেকে তাঁরা পুণ্য অর্জন এবং মনোবাসনা পূরণের আশায় এ আচার পালন করেন।
সুন্দরবনের দক্ষিণাংশে বঙ্গোপসাগরের কোলঘেঁষে কুঙ্গা ও মরা পশুর নদীর মোহনায় অবস্থিত দুবলার চর মূলত একটি অস্থায়ী জেলেপল্লী। শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার জেলে এখানে মাছ আহরণ ও শুঁটকি তৈরির কাজে আসেন। সাগরে নিরাপদে মাছ ধরা এবং জীবিকা নির্বিঘ্ন রাখার কামনায় জেলেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে রাস উৎসবের জনপ্রিয়তা বাড়তে থাকে বলে ধারণা করা হয়। সময়ের সঙ্গে এতে দূরদূরান্তের পুণ্যার্থী, স্থানীয় মানুষ এবং পর্যটকদের আগ্রহ বাড়ে। উৎসবকে কেন্দ্র করে একসময় তিন দিনব্যাপী বিশাল মেলা বসত, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম ঘটত।
তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বন বিভাগের বিধিনিষেধ কঠোর হয়েছে। বাণিজ্যিক মেলা বন্ধ রেখে উৎসবটি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুণ্যস্নানে সীমিত করা হচ্ছে। সাধারণ পর্যটকদের প্রবেশেও বিধিনিষেধ রয়েছে। সুন্দরবনের সংবেদনশীল পরিবেশ, বন্যপ্রাণীর নিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।
দুবলার চরের রাস উৎসব শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, ভক্তিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। গহিন অরণ্য ও উত্তাল সাগরের মোহনায় শতাব্দী ধরে টিকে থাকা এই উৎসব মানুষের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বার্তাও বহন করে। সুন্দরবনের ঐতিহ্য রক্ষার পাশাপাশি এর জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে রাস উৎসবের এই অনন্য সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অমলিন থাকবে।
প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক ও কলামিস্ট









