গঠিত ইউনিয়ন পরিষদের ধারাবাহিক ইতিহাস
সরদার এম. এ. মজিদ
ভারতবর্ষে স্থানীয় সরকার ও গ্রামীণ প্রশাসনব্যবস্থার বিকাশের ধারায় ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে শাসনব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদের নাম, কাঠামো, প্রতিনিধিত্ব ও কার্যক্রমেও নানা পরিবর্তন এসেছে।
১৮৬৯ সালে লর্ড মেয়োর শাসনামলে পল্লি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অবিভক্ত বাংলায় ইউনিয়ন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। ১৮৭০ সালের ১৯ অক্টোবর ভিলেজ চিলড্রেন অ্যাক্ট পাসের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তখন এর পূর্ণাঙ্গ গঠনপ্রণালি নির্ধারিত হয়নি।
১৮৮২ সালের ১৮ মে গভর্নর জেনারেল লর্ড রিপনের শাসনামলে পল্লি উন্নয়ন ও স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৮৮৫ সালের ৪ এপ্রিল তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো অনুমোদিত হয়। এর স্তরগুলো ছিল জেলা কমিটি, থানা কমিটি ও ইউনিয়ন কমিটি।
১৯০৮ সালে পশ্চিম বাংলায় ইউনিয়ন বোর্ডে চেয়ারম্যান পদ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ১৯১৪ সালে পূর্ববঙ্গেও ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান পদ চালু করা হয়।
১৯১৯ সালে ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী ইউনিয়ন কমিটির নাম পরিবর্তন করে ইউনিয়ন বোর্ড গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। প্রতিটি বোর্ডে একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য রাখার বিধান করা হয়। বোর্ডের মেয়াদ ছিল তিন বছর। এভাবেই ইউনিয়ন বোর্ডের কার্যক্রম চলতে থাকে।
১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পরও ইউনিয়ন বোর্ডের প্রচলিত কাঠামো অব্যাহত থাকে।
১৯৫৭ সালের ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সময়ে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান পদ পরিবর্তন করে প্রেসিডেন্ট পদ চালু করা হয়। একই সঙ্গে একজন ভাইস প্রেসিডেন্ট ও তিনজন বোর্ড সদস্য নিয়ে মৌলিক গণতন্ত্রের অধীনে গোপন ব্যালটে প্রতিনিধি নির্বাচনের বিধান করা হয়।
১৯৫৯ সালে সামরিক শাসন জারির পর ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনামলে ইউনিয়ন বোর্ডের নাম পরিবর্তন করে ইউনিয়ন কাউন্সিল করা হয়। নতুন নাম ও কাঠামো অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানটির কার্যক্রম চলতে থাকে।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ইউনিয়ন কাউন্সিলের কাঠামো কিছু সময় বহাল ছিল। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন কাউন্সিলের নাম ও কাঠামো পরিবর্তন করে ইউনিয়ন ত্রাণ কমিটি বা রিলিফ কমিটি গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে একজন চেয়ারম্যান ও তিনজন ওয়ার্ড সদস্য নিযুক্ত করা হয়।
পরবর্তী সময়ে ১৯৭৪ সালে ইউনিয়ন ত্রাণ কমিটি বা রিলিফ কমিটি বাতিল করে স্থানীয় সরকার স্বায়ত্তশাসন অধ্যাদেশের মাধ্যমে নতুন কাঠামো প্রবর্তন করা হয়। এর মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং প্রতিটি ওয়ার্ডে তিনজন করে সদস্যসহ মোট ১১ জন সদস্য রাখার বিধান করা হয়। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থাও চালু করা হয়।
১৯৭৬ সালের ২০ নভেম্বর স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করা হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৮ সালে ইউনিয়ন পরিষদে সংরক্ষিতভাবে দুজন কৃষক প্রতিনিধি ও দুজন নারী প্রতিনিধি রাখার বিধান করা হয়।
১৯৮৩ সালের ১২ সেপ্টেম্বর এ এফ এম আহসানউদ্দিন চৌধুরীর সময়ে স্থানীয় সরকার অধ্যাদেশ সংশোধন করে তিনটি ওয়ার্ড থেকে তিনজন নারী সদস্য নির্বাচিত হওয়ার বিধান করা হয়।
১৯৯৩ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইনে ইউনিয়নকে তিনটি ওয়ার্ডের পরিবর্তে নয়টি ওয়ার্ডে বিভক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়। তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণের ব্যবস্থা করা হয়।
পরবর্তী সময়ে ১৯৯৭ সালে নয়টি ওয়ার্ড থেকে নয়জন পুরুষ সদস্য এবং তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি সংরক্ষিত আসনে নারী সদস্য নির্বাচনের বিধান চালু হয়। জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচনের এই কাঠামো পরবর্তীকালে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বব্যবস্থার ভিত্তি হিসেবে চালু থাকে।
স্থানীয় সরকারব্যবস্থার এই দীর্ঘ পরিবর্তনের ধারায় ইউনিয়ন পরিষদ আজ গ্রামীণ জনগণের প্রতিনিধিত্ব, স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সরদার এম. এ. মজিদ, লেখক ও গবেষক, পাটকেলঘাটা, সাতক্ষীরা।









