১২ নভেম্বর হোক রাষ্ট্রীয় উপকূল দিবস
সচ্চিদানন্দ দে সদয়
১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ভোলা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অসংখ্য গ্রাম, ঘরবাড়ি ও জনপদ। প্রাণ হারিয়েছিল গবাদিপশু, নষ্ট হয়েছিল ফসলি জমি। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছিল উপকূলের আকাশ-বাতাস। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বেঁচে থাকা মানুষ ও তাঁদের পরবর্তী প্রজন্ম।
১৯৭০ সালের ৮ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হয়ে ১১ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগের বাতাস ও প্রবল জলোচ্ছ্বাসে ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা ও চট্টগ্রামসহ বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল বিপর্যস্ত হয়। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ভোলার তজুমদ্দিনে। অসংখ্য মানুষ হারান পরিবারের সদস্যদের। অনেক জনপদ পরিণত হয় মৃত্যুপুরীতে।
সেই দুর্যোগের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে আজও ভেসে ওঠে স্বজনের লাশ খুঁজে বেড়ানোর দৃশ্য। কারও বাবা-মা, কারও সন্তান, কারও ভাইবোন আর ফিরে আসেননি। সময় বদলেছে, কিন্তু উপকূলবাসীর সেই শোকের ইতিহাস মুছে যায়নি।
এই ভয়াবহ দিনকে স্মরণ এবং উপকূলের মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরতে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে ২০১৫ সাল থেকে বেসরকারিভাবে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে। উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, আলোকযাত্রা দলসহ বিভিন্ন সংগঠন এ উদ্যোগের সঙ্গে যুক্ত। উপকূলীয় ১৫ জেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়ে আসছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনও এতে অংশ নিচ্ছে।
তবে দীর্ঘদিনের এই উদ্যোগ এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। দেশের প্রায় পাঁচ কোটি উপকূলবাসীর জন্য একটি জাতীয় দিবস ঘোষণা করতে আর কত অপেক্ষা করতে হবে?
উপকূলের সংকট শুধু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা ও দুর্বল বেড়িবাঁধ প্রতিনিয়ত মানুষের জীবন-জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ এসব সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন। কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় পড়ছে এর নেতিবাচক প্রভাব।
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। তবে উপকূলের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় এখনো অনেক কাজ বাকি। প্রয়োজন টেকসই বেড়িবাঁধ, নদী-খাল পুনঃখনন, সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
উপকূলের অর্থনীতিও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। কৃষি, মৎস্য, চিংড়ি চাষ, সুন্দরবন ও সামুদ্রিক সম্পদের ওপর নির্ভর করে লাখো মানুষের জীবিকা। এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা গেলে কর্মসংস্থান ও উৎপাদন বাড়বে। একই সঙ্গে সুন্দরবনসহ প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে নদী, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি হলে তার মাশুল দিতে হবে উপকূলের মানুষকেই।
উপকূল দিবস তাই কেবল অতীতের শোক স্মরণের আয়োজন নয়; এটি উপকূলের মানুষের কথা শোনা, তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নবৈষম্য দূর করার একটি উপলক্ষ। এ দিনে সরকার, গণমাধ্যম, গবেষক, পরিবেশবিদ ও উন্নয়ন সংস্থাগুলো একসঙ্গে উপকূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার দাবিও জোরালো করা সম্ভব।
রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হলে উপকূলের মানুষের দাবি জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্ব পাবে। তবে শুধু দিবস ঘোষণা করাই যথেষ্ট নয়; উপকূলবাসীর নিরাপত্তা, জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণই হবে এর প্রকৃত সার্থকতা। বিশেষ করে শিশু ও তরুণদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। জীবিকার তাগিদে যাতে কাউকে নিজের ভিটেমাটি ছেড়ে যেতে না হয়, সে পরিবেশ তৈরি করা জরুরি। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও অংশগ্রহণকেও গুরুত্ব দিতে হবে।
১৯৭০ সালের ১২ নভেম্বর আমাদের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। সেই দিনের শহীদ ও স্বজনহারা মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করা এখন সময়ের দাবি।
উপকূল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাই উপকূলের নিরাপত্তা, উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা কোনো বিশেষ অঞ্চলের দাবি নয়, এটি জাতীয় দায়িত্ব। ১২ নভেম্বর হোক সেই দায়িত্ব পালনের অঙ্গীকারের দিন।
লেখক: সংবাদকর্মী












