সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ যাতায়াতের দীর্ঘ দুর্ভোগ লাঘবে প্রবাসীদের মহতী উদ্যোগে

দেশের উন্নয়নে এবং গ্রামীণ জনপদের জীবনমান পরিবর্তনে প্রবাসীদের অবদান সর্বদাই প্রশংসনীয়। প্রবাসের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ কেবল নিজেদের পরিবার বা স্বজনদের সচ্ছলতাই ফেরায় না, অনেক সময় তা গোটা একটি জনপদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধানেও অনুঘটকের ভূমিকা পালন করে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীদের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য জমি ক্রয়ের ঘটনা তেমনই এক অনুকরণীয় দৃষ্টান্ত। যুগ যুগ ধরে চলাচলের উপযোগী রাস্তার অভাবে যে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন, প্রবাসীদের এই সম্মিলিত মানবিক উদ্যোগে সেই মানবেতর পরিস্থিতির অবসান ঘটার পথ সুগম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া-যুগিখালি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তীব্র সড়কসংকট বিরাজ করছিল। বিশেষ করে মীরডাঙা ও দলুইপুর গ্রামের মানুষের দৈনন্দিন চলাচল, উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে পরিবহন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে সীমাহীন কষ্ট পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে গ্রামীণ এই কাঁচা রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ত, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো। সরকারি অনুদান বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের আশায় বসে না থেকে গ্রামের প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে নগদ টাকায় ২৭ শতক জমি ক্রয় করেছেন, যা সমাজসেবা ও প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে, ভালো কাজের সঙ্গে পুরো সমাজ আজ একাত্মতা প্রকাশ করেছে। প্রবাসীদের এই উদ্যোগে মীরডাঙা-দলুইপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের পথ উন্মুক্ত হয়েছে। এর ফলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটবে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। কৃষিপণ্য সহজে বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে।

আমাদের গ্রামীণ সমাজে উন্নয়নের জন্য কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর করে বসে থাকার প্রথা ভাঙতে হবে। মীরডাঙা ও দলুইপুর গ্রামের প্রবাসীরা দেখিয়ে দিয়েছেন যে, সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য ও জনপদের রূপরেখা পরিবর্তন করা সম্ভব। প্রবাসীদের এই মহতী উদ্যোগ দেশজুড়ে বিত্তবান ও প্রবাসীদের জন্য এক অনন্য বার্তা বহন করে। এই ঐক্য ও মানবিক মূল্যবোধের চর্চা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হোক এবং প্রবাসীদের এই অনুকরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।

Ads small one

পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
পল্লবীতে বাসে, পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়ে পালালেন চালক

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পোস্তগোলা গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পল্লবী থানা পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় ফার্মগেট বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কতমৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনও পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

ব্যবসায়িক সাম্রাজ্যে কেন এমন সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ পক্ষ থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে এই আবেদন জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার প্রথম কোনও আনুষ্ঠানিক আবেদন।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।দিল্লি হাইকমিশন মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

 

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনও নথি বা প্রমাণপত্র ছিল না। সাধারণত কারও পক্ষে কোনও প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন বা অনুমোদনপত্র বাধ্যতামূলকভাবে যুক্ত থাকে। ফলে এই আবেদনটি যে সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে, তা নিশ্চিত করে বোঝার কোনো উপায় নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে আইনজীবী উল্লেখ করেন যে, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন।