রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির বড় ধরনের আর্থিক মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশের ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। রবিবার (২২ নভেম্বর) পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

একই সময়ে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা রফতানি আদেশের ২৫৪ মিলিয়ন ডলারের পণ্য অন্য দেশে সরিয়ে নিয়েছেন বলেও দাবি সংগঠনটির। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এতে করে একদিকে উৎপাদন ক্ষতির মুখে পড়েছে কারখানাগুলো, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিজিএমইএর জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের কারণে ৩১৭টি পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। এ হিসাব করা হয়েছে এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী। পরিস্থিতির কারণে এসব কারখানাকে সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

শুধু উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি নয়, সময়মতো ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারায় রফতানি আদেশও ঝুঁকির মুখে পড়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে অনেক কারখানাকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের ধরে রাখতে মূল্যছাড় দেওয়া এবং কিছু ক্ষেত্রে অর্ডার বাতিলের চাপও সামলাতে হচ্ছে। ফলে উৎপাদন বন্ধের সরাসরি ক্ষতির বাইরে অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হয়েছে কারখানাগুলোর ওপর।

অন্য দেশে চলে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাংলাদেশের পোশাকশিল্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনা। বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

শিল্পসংশ্লিষ্টদের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। কারণ, একটি অর্ডার অন্য দেশে চলে যাওয়ার অর্থ শুধু তাৎক্ষণিক রফতানি আয় হারানো নয়; এর সঙ্গে ভবিষ্যতের ব্যবসায়িক সম্পর্ক ও নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনাও জড়িত। বিজিএমইএর মতে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশ বেছে নিতে পারেন। ফলে বাংলাদেশের বাজার হিস্যা ধরে রাখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হচ্ছে।

প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি

বিজিএমইএ জানিয়েছে, জরিপে উঠে আসা ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি পুরো শিল্পের প্রকৃত চিত্র নয়। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। অর্থাৎ, জরিপের বাইরে থাকা কারখানাগুলোর ক্ষয়ক্ষতি হিসাবের মধ্যে আসেনি। এ কারণে প্রকৃত উৎপাদন ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু এরপরও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে সংগঠনটি। ফলে উৎপাদন ব্যাহত হওয়া, পণ্য সরবরাহে বিলম্ব এবং অর্ডার স্থানান্তরের মতো ঘটনা অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ভাবমূর্তি ও ভবিষ্যৎ রফতানি নিয়ে শঙ্কা

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্য, উৎপাদন সক্ষমতা ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের ওপর ভিত্তি করে নিজেদের অবস্থান তৈরি করেছে। কিন্তু চলমান অস্থিতিশীলতায় সেই সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।

বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতারা যখন নিশ্চিত করা অর্ডার অন্য দেশে সরিয়ে নিচ্ছেন, তখন তা বাংলাদেশের পোশাকশিল্পের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ, একবার কোনো ক্রেতা বিকল্প দেশে উৎপাদনের ব্যবস্থা গড়ে তুললে পরবর্তী সময়ে সেই অর্ডার আবার বাংলাদেশে ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

বিজিএমইএ বলেছে, তাৎক্ষণিক উৎপাদন ও আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি এবং নির্ভরযোগ্যতা রক্ষার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংগঠনটির মতে, দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পোশাকশিল্প দেশের রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতে উৎপাদন ব্যাহত হওয়া এবং বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার প্রভাব শুধু কারখানার মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান, দেশের রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থও জড়িত। তাই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

Ads small one

সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজনফ্ফর কবির আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজনফ্ফর কবির আর নেই

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, নাট্যজন, কবি ও আবৃত্তিশিল্পী গজনফ্ফর কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ নভেম্বর) ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
গজনফ্ফর কবির একাধারে নাট্যজন, কবি ও আবৃত্তিশিল্পী ছিলেন। আশির দশকে তিনি সাংবাদিকতাও করেছেন। তাঁর বড় ভাই আলমগীর কবিরও নাট্যাঙ্গন ও গণমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ইউএনওর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আবু ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা আব্দুল মোমেন, সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মো. সালাহউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আফতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: সারাদিনের কর্মব্যস্ততা শেষে চায়ের দোকানে আড্ডায় মেতেছিলেন দিনমজুর, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সেই আড্ডায় যোগ দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে একই বেঞ্চে বসে চা পান করেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ইউরেকা পেট্রোল পাম্প মোড় ও ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা মোড়ের চায়ের দোকানে গিয়ে তিনি সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাঁদের কথা শোনেন। হঠাৎ সংসদ সদস্যকে কাছে পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
চায়ের দোকানে উপস্থিত ষাটোর্ধ্ব দিনমজুর মশিউর রহমান বলেন, তাঁরা প্রতিদিন কাজ শেষে ওই দোকানে আড্ডা দেন। সেখানে সংসদ সদস্যকে তাঁদের সঙ্গে বসে চা পান করতে দেখে তিনি অবাক হয়েছেন। এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশলে তিনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হয়ে উঠবেন বলে মন্তব্য করেন মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের উপজেলা সভাপতি শামসুল আলম বুলবুল, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী ডা. মো. ইউনুছ আলী বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।