২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। সেই বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশের মাটিতে আয়োজন করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব আয়োজনকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি।
বালিতে অনুষ্ঠিত আইসিসির সাম্প্রতিক সভা শেষে রবিবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানান তামিম।
সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জনসাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
তিনি বলেন, ‘২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। তখন আমি কিংবা আমার বোর্ডের কোনও ভূমিকা ছিল না। তবে অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছি।’
শুধু সেমিফাইনাল আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না তামিম। ২০১১ সালের বিশ্বকাপের তুলনায় ২০৩১ সালের আসরে বাংলাদেশে আরও বেশি ম্যাচ আয়োজনের প্রত্যাশা তার। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।
তামিম বলেন, ‘আমি ইতোমধ্যে আইসিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। ইতিবাচক কিছু হবে বলে আমি আশাবাদী।’
উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ৫০ ওভারের এই বিশ্ব আসর।
অলিম্পিক বাছাই নিয়ে
এদিকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়াকেও বড় অর্জন হিসেবে দেখছেন তামিম। আট দলের অংশগ্রহণে পুরুষদের এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অলিম্পিকে খেলার শেষ একটি জায়গার জন্য লড়বে দলগুলো।
বিসিবি সভাপতি জানিয়েছেন, গত তিন-চার মাস ধরে এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের জন্য কাজ করেছেন তিনি। বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
ঘরের মাঠে খেলার সুযোগ বাংলাদেশের অলিম্পিকের টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে বলে মনে করেন তামিম। তাই বাছাইপর্ব আয়োজনকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় একটি ইভেন্ট হিসেবে নয়, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছেন তিনি।












