রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা,প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ২টি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

আজকের সভায় অনুমোদিত ১৬টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প— ১. ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’ ২. ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন), ৩. ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ৪. ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ ৫. ‘বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’,৬. ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (দ্বিতীয় সংশোধন)’ এবং ৭. ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃ বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প— ১. ‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প’ ২. ‘জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙ্গন প্রতিরোধ’ প্রকল্প, ৩. ‘সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (প্রথম পর্যায়)’ প্রকল্প, ৪. মেট্রো ঢাকা প্রকল্প [গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়), প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প— ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প— ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প— ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প। সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— ১. ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ২. ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।