রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন। এ সফরে তিনি জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন। এদিকে আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরে জেলার উন্নয়ন পরিকল্পনা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা ও কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে।

তিনি জানান, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি ও সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গোবিন্দগঞ্জের কর্মসূচি শেষে বগুড়ায় ফিরে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি। বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য এক থেকে দুই মাস পর প্রধানমন্ত্রী আলাদা আরেকটি দিন সময় দেবেন।

সাংগঠনিক সভায় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। সভাস্থলের আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।

রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে কোনো জেলায় এটিই তার প্রথম সাংগঠনিক সভা। বিষয়টি বগুড়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এ সভার মাধ্যমে নেতাকর্মীদের নতুন কোনো বার্তা দেবেন বলেও প্রত্যাশা করছেন তারা।

এবারের সফরে প্রধানমন্ত্রী বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলার সার্বিক বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দেবেন। যেখানে থাকবে ২০ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নের পরিকল্পনা। এছাড়া বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশনাও দেবেন তিনি। একইসঙ্গে তিনি বগুড়াকে মডেল হিসেবে বিবেচনায় নিয়ে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নানা পরিকল্পনা দেবেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন শুধু দলীয় কর্মীসভাকে ঘিরে নয়, এটি বগুড়াবাসীর জন্য আনন্দের একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী হওয়ার পর নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

তিনি বলেন, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি সব উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা ৫ ডিসেম্বরের সাংগঠনিক সভায় অংশ নেবেন। দেশের সার্বিক পরিস্থিতি, উত্তরাঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবির বিষয়ে মোশারফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বগুড়াকে বিভাগ করার বিষয়টি সরকারের কাছে তাদের প্রত্যাশা থাকবে।

বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়া বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করে নিতে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের দ্বিতীয় বগুড়া সফর।

Ads small one

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

জিম্মি জেলে উদ্ধার, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ জব্দ

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদও জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের দস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরে ২৯ নভেম্বর মধ্যরাতে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা থেকে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আটক আসাবুর সানা দাকোপ থানার বাসিন্দা। তাঁকে, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪ ইউনিয়ন আমীরের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর হিসেবে মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসানও শপথ নেন।

নবনির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন— বাঁশদহায় মাওলানা নাজমুল হুদা, কুশখালীতে মাওলানা গোলাম রসুল, বৈকারীতে জালাল উদ্দীন, ঘোনায় মাওলানা আব্দুল ওয়াদুদ, শিবপুরে মাওলানা মনিরুজ্জামান, ভোমরায় আনোয়ার কবীর, আলীপুরে মাওলানা মাহমুদুন্নবী, ধুলিহরে মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুরে মাওলানা জাকির হুসাইন, আগরদাঁড়ীতে মাওলানা মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় প্রভাষক ইকবাল হোসেন, বল্লীতে মিজানুর রহমান, লাবসায় হাফেজ আমিরুল ইসলাম এবং ফিংড়ীতে শাহিনুজ্জামান।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর রুকন সদস্যদের গোপন ভোটে তাঁরা নির্বাচিত হন। অনুষ্ঠানে উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ‘সমতট’-এর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মা আনোয়ারা খাতুন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, চার মেয়ে, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার এশার নামাজের পর তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তারা ও সদস্যরা। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা হলেন কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, কাজী সিরাজ, প্রভাষক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক সুজা, মিকাঈল হোসেন, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন ও যুগের বার্তার সাংবাদিক শেখ জিয়াসহ অনেকে।