অবহেলিত কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়ক ও অন্তহীন জনদুর্ভোগ
সম্পাদকীয়
সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সংযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ কালিগঞ্জ-রতনপুর-নূরনগর-শ্যামনগর সড়কটির বর্তমান বেহাল দশা কেবল জনদুর্ভোগেরই কারণ নয়, বরং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক চরম উদাসীনতার স্মারক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফলে প্রতিদিন চরম ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একটি জনগুরুত্বপূর্ণ সড়কের এই কঙ্কালসার দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই সড়কটির ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া এবং শ্যামনগর উপজেলার নূরনগর, সদর, কৈখালী ও রমজাননগর ইউনিয়নের লাখো মানুষ জেলা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করেন। উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ও জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও এই সড়কটি অন্যতম প্রধান মাধ্যম। অথচ বাস্তব চিত্র হলো, সড়কের কোথাও হয়তো কিছুটা সংস্কার হয়েছে, আবার বড় অংশ জুড়েই রয়ে গেছে ভাঙাচোরা আর মরণফাঁদ। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন এই গর্তগুলো পানিতে তলিয়ে যায়, তখন সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে; আশঙ্কাজনকভাবে বাড়ে ছোট-বড় দুর্ঘটনা।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীরা এই সড়ক দিয়েই যাতায়াত করেছেন এবং দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন দৃশ্যমান হয়নি। দুই আসনের জনপ্রতিনিধি একই ঘরানার হওয়া সত্ত্বেও সমন্বিত ও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া স্থানীয় জনগণকে চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় দুই উপজেলার সীমান্ত এলাকার মানুষ আজ নিজেদের অবহেলিত ও প্রান্তিক মনে করছেন।
একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন তার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল ও নিরাপদ থাকে। জোড়াতালির সংস্কার বা সাময়িক মেরামতের নামে সরকারি অর্থের অপচয় আমরা আর দেখতে চাই না। কালিগঞ্জ-শ্যামনগর সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলোর দ্রুত টেকসই ও দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। জনদুর্ভোগ লাঘব এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট দুই আসনের জনপ্রতিনিধিরা দ্রুত কার্যকর সমন্বিত পদক্ষেপ নেবেনÑএটাই আমাদের প্রত্যাশা।











