আমার মেয়ে প্রেমে পড়েছে
ইউসুফ রেজা
আমার মেয়ে এ বছর জানুয়ারিতে
যে পড়ল তেরোতে প্রেমে পড়েছে ।
সে এখন একা একা পড়ার টেবিলে বসে থাকে
জানালার শিক ধরে সারাটা দুপুর শুধু আকাশ দেখে
আমাদের ফ্লাট এতো খুব বেশি উঁচু নয়
তারপরও হাত দিয়ে নীলিমাকে ছোঁয় ।
ভীত বেড়ালের মতো সারা ঘরে নিঃশব্দ পায়চারি করে
কি ব্যপার .. তোমার কি শরীর খারাপ
না বাবা.. আমি.. ঠিকই আছি ।
কিছু একটা ভাবে; কই না কিছু হয়নি তো
মাঝে মাঝে কাছে এসে বসে
কী যেন বলতে চায় বন্ধু, বাবাকে
লজ্জায় সারা মুখ লাল হয়ে থাকে ।
সন্ধ্যায় ফোন এলে লাফ দিয়ে ওঠে
এইটা আমার ফোন বোলতে তো দাও
কখনও ড্রয়িং রুমে বসে টিভি দেখি
হঠাৎ এসেই বলে বাবা ডাকো নাকি
আমার মেয়ে এই প্রথম আমার থেকে
সহসাই খুব দূ.. রে সরে যাচ্ছে
জীবনে প্রথম এই এতো দূরে যাওয়া ।





