আশাশুনিতে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ
সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমি জবরদখল, মৎস্য ঘেরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় শাহাবুদ্দীন সানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।
মির্জাপুর গ্রামের বাসিন্দা শওকত সানা জানান, নাকাগদারঘাট মৌজার ৮ দশমিক ৫০ একর জমির মধ্যে ৬ দশমিক ৫৮ একর জমিতে তাঁরা দীর্ঘ ৬০ বছর ধরে শান্তিপূর্ণভাবে কৃষি ও মৎস্য চাষ করে আসছেন। সম্প্রতি উক্ত জমি জবরদখলের চেষ্টা চালান প্রতিবেশী শাহাবুদ্দীন সানা। এ ঘটনায় জবরদখল রোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা (পিটিশন নং- ৩৭৫/২০২৫) করা হলে আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
অভিযোগ করা হয়, আদালতের বারিত আদেশ অমান্য করে গত বছরের ২৩ মে শাহাবুদ্দীন সানা ও তাঁর সঙ্গীরা ঘেরে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, মাছ লুট ও জমি দখল করেন। এতে বাধা দেওয়ায় হামলায় কয়েকজন আহত হন। পরবর্তীতে দ্রুত বিচার আদালতে মামলা হলে শাহাবুদ্দীন সানা ১৮ দিন জেলহাজতে থাকেন। জামিনে মুক্ত হয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি সাজানো মামলা (সিআর ১০৯/২০২৬) দায়ের করেন।
অভিযোগে আরও দাবি করা হয়, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউপি চেয়ারম্যানের উদ্যোগে স্থানীয় সালিশে নথিপত্র পর্যালোচনা করে শাহাবুদ্দীন সানার দখলে থাকা জমির অংশ ভুক্তভোগীদের বলে প্রমাণিত হলেও তিনি জমি ফেরত না দিয়ে টালবাহানা করছেন। তা ছাড়া মামলাটির তদন্তকারী কর্মকর্তা (পিবিআই) সরজমিনে নিরপেক্ষ তদন্ত না করেই একপেশে প্রতিবেদন দাখিল করেছেন বলে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগীদের পক্ষে মোসলেম সানা, আবুল কালাম আজাদ সানা, খোকন সানা, আলহাজ্ব নুরুল আমিন সানা, সাত্তার সানা ও লুৎফর রহমান সানা উপস্থিত ছিলেন। তাঁরা জবরদখল হওয়া জমি পুনরুদ্ধার, মিথ্যা মামলার নিরপেক্ষ পুনঃতদন্ত এবং অভিযুক্ত শাহাবুদ্দীন সানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







