বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন

১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে।

এগুলো হলো—সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধন), বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’র তৃতীয় সংশোধনও অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন ‘ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প’র দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে একনেক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো— ‘সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’র তৃতীয় সংশোধন এবং একটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ—বেগমগঞ্জ-৫—ও দুটি অনুসন্ধান কূপ—বেগমগঞ্জ-৬ এবং সুনেত্র-২—খনন প্রকল্প।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প সভায় পরিকল্পনামন্ত্রীর এখতিয়ারে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।

সেগুলো হলো- ১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প ২. বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, গৌরনদী বরিশাল স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) (৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল মোবাইলে নেটওয়ার্ক স্থাপন প্রকল্প (৪) নলকা-সিরাজগঞ্জ –সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) ৪ লেন উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙ্গা-পাটগাতী-ঘোনাপাড়া (জেড-৭৭০৪) জেলা মহাসড়কের ঘোনাপাড়া হতে পাটগাতী সেতু এ্যাপ্রোচ পর্যন্ত অংশসহ জেড-৮৫০৪, জেড-৮৫০৭ ও জেড-৮৪২৯ জেলা সহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ সংশোধিত) (৬) ভুয়াপুর লিংক সড়ক (জেড-৪৮০২) নির্মাণ (২য় সংশোধিত) (৭) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) (৮) পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবন্ধন (২য় সংশোধিত) (৯) গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)।

Ads small one

জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
জ্বালানি তেল সংকটের গুজবে নলতাসহ কালিগঞ্জের সব পাম্পে বাইকারদের ভিড়

আহাদুজ্জামান আহাদ: জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতাসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকেই উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই আগেভাগেই মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করতে পাম্পে ছুটে আসেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি হয় এবং অনেক পাম্পে মটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।

নলতা, কালিগঞ্জ সদর ও উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। মোটরসাইকেল চালকদের অনেকেই জানান, ভবিষ্যতে তেল সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই তারা আগে থেকেই তেল সংগ্রহ করছেন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, গুজবের কারণে হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সাময়িকভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রকৃতপক্ষে জ্বালানি সরবরাহে কোনো আনুষ্ঠানিক সংকটের তথ্য পাওয়া যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও জ্বালানি তেলের সংকটের কোন কথা বলা হয়নি।

সচেতন মহল গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার পরামর্শ দিয়েছেন, যাতে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি না হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইস গেট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইস গেট

সংবাদদাতা: বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা স্লুইস গেট উন্মুক্ত করা হয়েছে। পলি জমে গেটটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার পানি নিস্কাশন বাধাগ্রস্ত হয়। অবশেষে দীর্ঘদিন পর সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের নির্দেশে গেটটি উন্মুক্ত করা হয়। এসময় অপসারণ করা হয়েছে গেটের সামনে জমে থাকা পলিমাটি।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের মেম্বর মোঃ আবু ছালেক জানান, ব্যাংদহা স্লুইস গেটটি দীর্ঘদিন ধরে পলি জমে অবরুদ্ধ ছিল। যে কারণে কৃষকরা আমন ধান থেকে বঞ্চিত হত এব্ং মৎস্য চাষিরা পড়ত বিপাকে। প্রবল বর্ষণে জনাবদ্ধতার কবলে পড়তে হত সাধারণ জনগণকে। জলাবদ্ধতার কবলে পড়ে অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হত।

মোঃ আবু ছালেক আরো জানান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের নির্দেশেই ফিংড়ী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ব্যাংদহা স্লুইস গেটটির দুটি পাটা খুলে দেওয়া হয়েছে এবং অপসারণ করা হয়েছে পলিমাটি।

এদিকে কাজটি সম্পন্নের পর সরজমিনে পরিদর্শন করেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক, জাহিদুজ্জামান বাবু, আবু সাঈদ মোল্লা প্রমুখ।

 

 

কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় আধুনিক মৎস্য ও গবাদিপশু চাষে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ব্রজবাকসা বাজারে ‘নিউ হোপ পোল্ট্রি এন্ড ফিস ফিড’-এর পরিবেশক মেসার্স হাফিজ ট্রেডার্স-এর উদ্যোগে এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় এলাকার প্রায় ৪০ জন নিবন্ধিত ও স্থানীয় মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চাষীদের গুণগত মানসম্মত ওষুধ ও সাপ্লিমেন্টের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিশেষজ্ঞ কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ প্রদানকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার আকরামুল কবীর, সহকারী ম্যানেজার সাজ্জাদ আরেফিন এবং সিনিয়র অফিসার রবিউল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন- কলারোয়ার মার্কেটিং অফিসার রবিউল ইসলাম।