একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করে ফল জানা যাচ্ছে।
পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এই এসএমএস পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
যেভাবে জানা যাচ্ছে
ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই ফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা-ও জানা যাবে।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’এর নীতি-৬.০ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) নির্ধারিত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অধ্যক্ষ/প্রধান শিক্ষককে নির্দেশনা বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।












