কলারোয়ায় নিরাপদ পানি ব্যবস্থাপনায় ইমাম ও খতিবদের প্রশিক্ষণ
সাতক্ষীরার কলারোয়ায় জলবায়ু সহনশীল ও নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধর্মীয় ও স্থানীয় নেতাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া উন্নয়ন পরিষদ মিলনায়তনে ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস’ (ডব্লিউএসইউপি)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে এই আয়োজন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি বলেন, পানি সংরক্ষণ ও অপচয় রোধে সামাজিক সচেতনতা তৈরিতে মসজিদের ইমাম ও খতিবরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আসাদুল্লাহ ও কলারোয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি খাইরুল ইসলাম। অংশগ্রহণকারীরা জুমার খুতবা ও আলোচনায় নিরাপদ পানি ও সংরক্ষণবিষয়ক বার্তা প্রচারের অঙ্গীকার করেন। প্রেসবিজ্ঞপ্তি








