বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয়ে সরব হন, সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান বর্তমান সময়ের এই অভিনেত্রী।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শুরুতে সংক্ষেপে প্রসঙ্গটি তুলে ধরে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।

এরপর পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।

পোস্টের পরবর্তী অংশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। খানিকটা ব্যাখ্যা দিয়ে লেখেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’।

সবশেষে ভক্ত-অনুরাগীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেন সুনেরাহ। তিনি লিখেছেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো সুনেরাহও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়েন। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র; দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Ads small one

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক যশোর বার্তা পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। কামালনগরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে দৈনিক যশোর বার্তার সাতক্ষীরা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। এরপর বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন। উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি পত্রিকার প্রাণ। দৈনিক যশোর বার্তা বিগত তিন বছর ধরে সাধারণ মানুষের অধিকার ও স্থানীয় সমস্যা সাহসিকতার সঙ্গে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু। তাঁরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও অগ্রযাত্রায় সংবাদকর্মীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। সমাজ সংস্কার ও জনকল্যাণে দৈনিক যশোর বার্তা আগামীতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তাঁরা বলেন, আঞ্চলিক উন্নয়ন ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে স্থানীয় সংবাদপত্রের কোনো বিকল্প নেই। দৈনিক যশোর বার্তা ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন এবং দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর। বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিহাব উদ্দিন বলেন, এ সফলতা কেবল তাঁদের একার নয়, বরং সাতক্ষীরার আপামর জনসাধারণ ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের। আগামী দিনে পত্রিকাটি আরও বেশি গণমানুষের মুখপত্র হয়ে উঠবে।

বক্তৃতা পর্ব শেষে কেক কেটে পত্রিকাটির চতুর্থ বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং পত্রিকার সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরিশেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, কালবেলার প্রতিনিধি গাজী ফরহাদ, এনটিভির প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সহকারী সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, গ্রিন টিভির প্রতিনিধি মীর খাইরুল আলম, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, দৈনিক যশোর বার্তার ফটোসাংবাদিক সানোয়ার আলম সানু ও বিজ্ঞাপন ব্যবস্থাপক সোহরাব হোসেন, দৈনিক দক্ষিণের মশালের নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, দৈনিক চিত্রের প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, দৈনিক আমাদের বসুন্ধরার প্রতিনিধি আরিফুল ইসলাম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন-এর স্টাফ রিপোর্টার আরিফুর রহমান জেমস, দৈনিক যশোর বার্তার আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু ও কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, ভয়েস অব টাইগারের প্রতিনিধি মিলন রুদ্র, দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি লালটু হোসেন, নলতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রতিনিধি বিপ্লব হোসেনসহ আরও অনেকে।

 

আশাশুনিতে গভীর রাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে গভীর রাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার রামনগর গ্রামে গভীর রাতে চুরির চেষ্টার অভিযোগে একজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন বাড়ির লোকজন। এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রামনগর গ্রামের কামরুল সরদার। রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর ভাইপো শাকিবুল হাসান ও তাওহিদ ঘরের কলাপসিবল গেটের তালা ভাঙার শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, দুই-তিনজন ব্যক্তি বারান্দায় ঢুকে মালামাল নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়রা উপজেলার লোকা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে আরিফুল ইসলামকে উদ্ধার করে। এ সময় একটি সেলাইরেঞ্জ ও পেরেক তোলার লোহার শাবল উদ্ধার করা হয়। আহত আরিফুলকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী কামরুল ইসলাম।

খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এ সময় নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানিসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে উত্তোলন করা বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপরিদর্শক সনজিত ছাড়াও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, শিক্ষা সম্পাদক আরিফুর রহমান এবং উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ইজারা না থাকলেও আব্দুর রহমান বাবু ও যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও সুধীজনেরা নদীভাঙনের আশঙ্কা জানিয়ে প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করা হয়।

এ সময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ করে সেগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।