বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

কাতারে অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
কাতারে অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুরোপুরি সচল করার লক্ষ্য নিয়ে মঙ্গলবারে কাতারে পৌঁছানোর কথা রয়েছে শীর্ষ মার্কিন দূতদের। তবে এই কূটনৈতিক আলোচনার সময় ও আলোচ্যসূচি নিয়ে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা ইরান যুদ্ধ স্থায়ীভাবে থামানোর চেষ্টাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলার পরই এই কূটনৈতিক তৎপরতা শুরু হলো। ওই হামলা গত ১৭ জুনের অন্তর্বর্তীকালীন চুক্তিকে বড় পরীক্ষার মুখে ফেলেছে। ১৪ দফার ওই চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন জটিল বিষয়ের সমাধানের জন্য দুই পক্ষকে ৬০ দিন সময় দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। এই যুদ্ধ বিশ্বব্যাপী তেল ও অন্যান্য পণ্যের বাণিজ্য ব্যাহত করেছে, উপসাগরীয় দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে ফেলেছে এবং মূলত ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার দূত স্টিভ উইটকফ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে মঙ্গলবার দোহায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এর পাশাপাশি অন্যান্য কারিগরি বৈঠকও চলবে।

তবে ইরান চলতি সপ্তাহে কাতারে একটি কারিগরি প্রতিনিধি দল পাঠালেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই বলেছেন, মার্কিনীদের সফরের সঙ্গে এর ‘কোনও সম্পর্ক নেই’ এবং দুই পক্ষের মধ্যে কোনও বৈঠকের সূচি নির্ধারিত হয়নি।

বাঘেই স্পষ্ট করে বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনও পর্যায়েই আমাদের কোনও আলোচনার বৈঠক হবে না।

ইরানের একজন সিনিয়র কর্মকর্তাও জানিয়েছেন, দোহায় এই বৈঠক কেবল হরমুজ প্রণালি ব্যবস্থাপনা এবং উত্তেজনা হ্রাসের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অবশ্য রবিবারের পর উত্তেজনা কিছুটা কমায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের রেকর্ড গড়তে যাচ্ছে।

চার মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে নৌ যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়ে। অথচ এই রুট দিয়ে আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। এরপর থেকে ইরান এই জলপথের অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে মিলে প্রণালিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা ঘোষণা করেছে যে এই পথ ব্যবহারের জন্য জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে এবং নির্ধারিত পথের বাইরে যাওয়া জাহাজগুলোর গতিবিধি ব্যাহত করছে।
বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে আঘাত করেছে এবং এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় গত রবিবার কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

এই যুদ্ধ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশের ভেতরে ট্রাম্পকে তীব্র রাজনৈতিক চাপে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। এই পরিস্থিতিতে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, মরক্কো থেকে ফসফেট সার আমদানির ওপর কিছু শুল্ক সাময়িকভাবে স্থগিত করার অনুমোদন দিয়েছেন ট্রাম্প। কারণ হরমুজ প্রণালি দিয়ে সারের সরবরাহ যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরতে আরও সময় লাগবে, যার দরুন মার্কিন কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন।

দোহা বৈঠক নিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, দোহা বৈঠকটি হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে। আমরা শিগগিরই তা জানতে পারবো।

এদিকে ইরানের ভেতরে, দেশটির ধর্মীয় নেতৃত্ব যুদ্ধ থেকে টিকে গেলেও বিপর্যস্ত অর্থনীতির কারণে জনগণের তীব্র ক্ষোভের মুখে রয়েছে। এর মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে ‘সন্ত্রাসীদের’ গুলিতে এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডসের দুই সদস্য নিহত হয়েছেন বলে বাহিনীটি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে ইসরায়েল এবং লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসানের বিধানও রাখা হয়েছে। তবে হিজবুল্লাহর মিত্র ও লেবাননের শক্তিশালী পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ওই যুদ্ধ বন্ধে লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন-মধ্যস্থতায় হওয়া আলাদা একটি ফ্রেমওয়ার্ক চুক্তি নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এই চুক্তিটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে জুড়ে দেওয়ায় সংকটকে আরও দীর্ঘস্থায়ী ও অচল করার ঝুঁকিতে ফেলছে।

সূত্র: রয়টার্স

Ads small one

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটর’স এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটর’স এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটর’স এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি.এম আমিনুল হকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুকুল হোসেনের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রধান শেখ আব্দুল ওয়াদুত, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো.খোরশেদ আলম, ৮নং ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তাকদির আহসান রুবেল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম.এ হাসান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম (দুলু), শুপারিঘাটা পুলিশ ক্যাম্পের আইসি মো.হাবিবুর রহমান, ইসলামি বক্তা মাওলানা মনিরুল ইসলাম (ফারুকী), বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন (বাবু), সেক্রেটারি মোঃ আরশাদ আলী, অর্থ সম্পাদক শরিফুল আলম (রানা), সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, আঞ্চলিক প্রিন্ট পত্রিকার সাংবাদিক মোস্তাকীম হোসাইন, মো.শাহাদাত হোসেন (রাজ), রুহুল কুদ্দুছ, জাহিদ হাসান, ব্রহ্মরাজপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাইফুল্লাহসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

‎আলোচনা সভায় সকল বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটর’স এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। ‎সমগ্র অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দ্য এডিটর’স এর নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান শিমুল।

দেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
দেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে প্রায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। অবমুক্ত করা পোনাগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সরকার যে উদ্দেশ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর দেবহাটা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কেজি মাছের পোনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে।

 

 

সাতক্ষীরায় নজরুল বর্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নানা আয়োজনের প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় নজরুল বর্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নানা আয়োজনের প্রস্তুতি

পত্রদূত ডেস্ক: নজরুল বর্ষকে ঘিরে সাতক্ষীরায় জেলার নান্দনিক সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী শহরের কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শাখার কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক, সদস্য ও সম্পাদকমন্ডলীর দায়িত্ব বণ্টন এবং সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে স্কুল কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নজরুল বর্ষের প্রধান অনুষ্ঠানকে জেলার সবচেয়ে বৃহৎ ও নান্দনিক সাংস্কৃতিক আয়োজনে রূপ দিতে বিভিন্ন করণীয় নির্ধারণ করা হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কালিগঞ্জে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নজরুল আমাদের অসাম্প্রদায়িকতা, মানবতা ও প্রতিবাদের চেতনার প্রতীক। তাই নজরুল বর্ষের আয়োজনকে শুধু একটি অনুষ্ঠান নয়, সাতক্ষীরার সাংস্কৃতিক ইতিহাসে স্মরণীয় একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করা দরকার।

সহ-সভাপতি গুলশান আরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে শিশু-কিশোরদের পরিচয় ঘটাতে স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পাদকমন্ডলীর সদস্য নয়ন ভট্টাচার্য বলেন, দায়িত্ব ভাগ করে পরিকল্পিতভাবে কাজ করলে বড় আয়োজনটি সফল ও অর্থবহ করা সম্ভব।

কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না বলেন, আয়োজনের প্রতিটি ক্ষেত্রে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় গুলশান আরা, নয়ন ভট্টাচার্য, প্রতাপ কুমার সরদার, সুজন কুন্ডু, তনয়া তাহরিন, তনয়া তাহরিণ মেধা শায়নী, সুকুমার দাশ বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনকই আহমেদ প্রাপ্তি ও মিতু মন্ডলসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের অংশগ্রহণে শহরের হোটেল পানসিতে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সভায় স্কুল বিদ্যায়তনের কাজ শুরুর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।