কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ডুমুরিয়ার ব্যবসায়ী
Oplus_16908288
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি এবং পথরোধ করে টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আলমগীর কবির রাসেল নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে খুলনার ডুমুরিয়া সদরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী আলমগীর কবির রাসেল খুলনা নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার কাকমারী এলাকায় মৎস্য ঘের পরিচালনা করে আসছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই ব্যবসায়ী অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং ঘের দখলের হুমকি দিয়ে আসছে। গত বছরের আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই চক্রটি তাঁকে হয়রানি করতে আরও সক্রিয় হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ তাঁর নগরীর ঠিকানায় ডাকযোগে একটি চিঠি ও কাফনের কাপড় পাঠায় দুর্বৃত্তরা। খামের ওপর প্রেরক হিসেবে ‘সুনীল ম-ল’ নাম লেখা থাকলেও চিঠিতে অজ্ঞাত পরিচয় দিয়ে লেখা হয়েছে, ‘আগের দিন বেঁচে গেছিস, তোর নিস্তার নাই। কাফনের কাপড় আগে পাঠালাম, কারণ পরের বার সময় পাবি না। দিন গুনতে থাক।’
এই ঘটনায় তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে রাসেল আরও অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি সকালে তিনি মৎস্য ঘেরের জন্য বাঁশ কিনতে ডুমুরিয়া সদরে এলে ওত পেতে থাকা ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায়। এসময় তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে তিনি জানান।
ব্যবসায়ী আলমগীর কবির রাসেল বলেন, ‘কাফনের কাপড় ও হত্যার হুমকি পাওয়ার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত এক অজানা আতঙ্ক আমাকে তাড়া করে বেড়াচ্ছে।’ তিনি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।












