কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ
নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে চারজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলোÑঅদৃতা বিশ্বাস, ঊর্মী বাছাড়, মাকফুর হোসেন রিয়ন এবং নোমান বিন আবিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা বলেন, বিদ্যালয়ের সুদৃঢ় শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। ২০১৯ ও ২০২২ সালে ২ জন করে বৃত্তি পেলেও এবার ২০২৬ সালে একসঙ্গে ৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় মোট ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪১৩ জন এবং সাধারণ গ্রেডে ৫৫২ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।





