কেশবপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিভাবকদের লিখিত অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ওই শিক্ষককে দ্রুত বদলির দাবি জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে জানা যায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা চারজন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট শিশু শিক্ষার্থী আছে ৫১ জন। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কয়েকজন শিক্ষার্থী থাকলেও তৃতীয় শ্রেণীতে কোনো শিক্ষার্থী দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক স্থানীয় হওয়ায় অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনা করছেন এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
গত ৯ জুলাই বিদ্যালয়টির ৩২ জন অভিভাবকের স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আবু মুসা দাবি করেন, তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। স্থানীয় একটি মহল সুবিধা করতে না পেরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।









