খুলনায় গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা
পত্রদূত ডেস্ক: খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণী অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাম আদালত প্রকল্পের সহযোগিতায় এই সভার পরিকল্পনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ৬৮টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরেরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলার নিষ্পত্তি ও গ্রামীণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান। এ সময় খুলনা জেলার সব উপজেলা সমন্বয়কারী উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলায় গ্রাম আদালত কার্যক্রমে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে চারজন কর্মীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।






