গাড়িতে তোলার সময় দৌড়ে পালাল জনি বিফ হাউজের মহিষ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে খামার থেকে কেনা একটি বড় মহিষ গাড়িতে তোলার সময় দৌড়ে পালিয়ে হারিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের জনি বিফ হাউজের মালিক ও মাংস ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম জনি বৃহস্পতিবার সকালে বলাডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী সদ্দারের ছেলে মহিষের খামারি ইসারাত আলীর কাছ থেকে চারটি বড় মহিষ কেনেন। গাড়িতে তোলার সময় একটি মহিষ দৌড়ে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মহিষটির সন্ধান পাওয়া যায়নি।
মো. আজহারুল ইসলাম জনি জানান, হারিয়ে যাওয়া মহিষটির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মহিষটির সন্ধান পেলে ০১৭১১-২২২৪১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি মহিষটির সন্ধানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।









