রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

বাংলাদেশের উদ্দেশে আসা একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এ তথ্য জানান।

তিনি বলেন, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে সেটির সঙ্গে যোগাযোগ করেন তারা।

২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
পরে জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দফতরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন।

ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন।

জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।

ডেনি বলেন, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

সূত্র: ওয়াসপাড.আইডি

Ads small one

জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে এই প্রস্তাব পেয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভায় বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা সত্যি। প্রস্তাবিত তারিখ ১৫ জানুয়ারি।’

কিরগিজস্তানের আমন্ত্রণ অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি তুরস্কে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একাধিক ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এই প্রীতি ম্যাচ আয়োজন করা গেলে নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তবে ম্যাচটি হবে ফিফা উইন্ডোর বাইরে। ফলে তখন হামজা চৌধুরীসহ একাধিক প্রবাসী ফুটবলারকে ছাড়াই খেলতে হতে পারে দলকে।

বাংলাদেশের কোচ টমাস ডুলি তুরস্কে ম্যাচ নিয়ে বলেছেন, ‘ফিফা উইন্ডোর বাইরে সবসময় খেলতে পারেন। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক খেলোয়াড়দের ছাড়াই খেলতে হবে এবং পয়েন্ট হারানোর সম্ভাবনাও থাকতে পারে (বা পয়েন্ট পেতেও পারেন আবার হারাতেও পারেন)।’

১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

শুরুতেই দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বার্সেলোনা! প্রথমার্ধে পেনাল্টি মিস, একের পর এক সুযোগ নষ্ট। কিন্তু বিরতির পর অন্য এক বার্সেলোনাকে দেখেছে সমর্থকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল। স্পটিফাই ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য রীতিমতো দুঃস্বপ্নের। প্রথম সাত মিনিটেই দুই গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। তাজন বুকানন প্রথম গোলটি করেন। এরপর তানি ওলুওয়াসেইয়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করেছে বার্সেলোনা। সেবার রিয়াল জারাগোজার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল তারা।

২৩ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেই। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। বিরতির ঠিক আগে কাছ থেকে হেড করেও গোল করতে পারেননি জেরার্ড মার্টিন।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৬১ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন এই ডিফেন্ডার। এরপর ৬০ মিনিটের কাছাকাছি সময়ে ইয়ামালের পাস থেকে বক্সের মধ্যে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর বার্সেলোনার আক্রমণ আরও তীব্র হয়। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা।

নাভারোর দুঃসময় অবশ্য সেখানেই শেষ হয়নি। যোগ করা সময়ে বার্সেলোনা অধিনায়ক রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল।

এই জয়ে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আধিপত্যও ধরে রাখলো বার্সেলোনা। দলটির কোচ ইনিগো পেরেজের অধীনে বার্সার বিপক্ষে ছয় ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি তারা। এর মধ্যে পাঁচটিতে হার, একটি ড্র।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। সেই বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশের মাটিতে আয়োজন করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনাও শুরু করেছেন তিনি। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব আয়োজনকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি।

বালিতে অনুষ্ঠিত আইসিসির সাম্প্রতিক সভা শেষে রবিবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানান তামিম।

সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জনসাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
তিনি বলেন, ‘২০৩১ বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে। তখন আমি কিংবা আমার বোর্ডের কোনও ভূমিকা ছিল না। তবে অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছি।’

শুধু সেমিফাইনাল আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না তামিম। ২০১১ সালের বিশ্বকাপের তুলনায় ২০৩১ সালের আসরে বাংলাদেশে আরও বেশি ম্যাচ আয়োজনের প্রত্যাশা তার। এ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।

তামিম বলেন, ‘আমি ইতোমধ্যে আইসিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। ইতিবাচক কিছু হবে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর। ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে ৫০ ওভারের এই বিশ্ব আসর।

অলিম্পিক বাছাই নিয়ে

এদিকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পাওয়াকেও বড় অর্জন হিসেবে দেখছেন তামিম। আট দলের অংশগ্রহণে পুরুষদের এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। অলিম্পিকে খেলার শেষ একটি জায়গার জন্য লড়বে দলগুলো।

বিসিবি সভাপতি জানিয়েছেন, গত তিন-চার মাস ধরে এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের জন্য কাজ করেছেন তিনি। বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

ঘরের মাঠে খেলার সুযোগ বাংলাদেশের অলিম্পিকের টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে বলে মনে করেন তামিম। তাই বাছাইপর্ব আয়োজনকে শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বড় একটি ইভেন্ট হিসেবে নয়, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছেন তিনি।