জামায়াত ইসলামী ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক জমকালো যুব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭:৩০ মিনিটে এই ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ইউনিয়ন সেক্রেটারি একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইউনিয়ন সভাপতি ফুটবল একাদশ।
ইউনিয়ন সভাপতি আশরাফুজ্জামানের নেতৃত্বে ওয়ার্ড সভাপতিদের সমন্বয়ে গঠিত হয় সভাপতি ফুটবল একাদশ। অপরদিকে, ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ড সেক্রেটারিদের নিয়ে মাঠে নামে সেক্রেটারি ফুটবল একাদশ। সকালের চমৎকার আবহাওয়ায় দুই দলের খেলোয়াড়দের টানটান উত্তেজনা ও নৈপুণ্যপূর্ণ ফুটবল খেলা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সভাপতি একাদশ।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম।
এছাড়াও খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর জনাব শাহিনুজ্জামান, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য সাজ্জাদ আলী এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি লিয়াকত সানা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। যুবসমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।






