ঝাউডাঙ্গায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউডাঙ্গা তেল পাম্প এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইক ও গরু বহনকারী আলমসাধুর (ভটভটি) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঝাউডাঙ্গা তেল পাম্প-সংলগ্ন বিজিবি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইক চালক ও তিন যাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিজিবি চেকপোস্টের সামনে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হলে গরু বহনকারী আলমসাধুটি উল্টে যায়। এতে আলমসাধুর চালক ও কয়েকটি গরুও আঘাতপ্রাপ্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ইজিবাইকের আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের ঝাউডাঙ্গা পাইলস অ্যান্ড সার্জিক্যাল ক্লিনিকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।









