ঝাউডাঙ্গার মোহনপুরে সিঁধ কেটে স্বর্ণ ও নগদ টাকা লুট
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউডাঙ্গা সংলগ্ন মোহনপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে বারান্দার গ্রিল ভেঙে ও ঘরের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে মুকুল আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করা হয়েছে।
ভুক্তভোগী মুকুল আহমেদ জানান, সোমবার রাতে তিনি ঘরের বাইরে বাজারে গিয়েছিলেন। এক ঘণ্টার ব্যবধানে বাড়ি ফিরে এসে দেখেন বারান্দার গ্রিলের তালা ও ঘরের প্রধান ফটকের তালা ভাঙা। ঘরের ভেতরে ঢুকে আলমারি ভাঙচুর অবস্থায় পাওয়া যায় এবং স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান অনেক সামগ্রী নিয়ে যায় চোরচক্র। তাঁর দাবি, এই চুরির ঘটনায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






