ডুমুরিয়ায় চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ কয়েকটি পরিবার
{"capture_mode":"AutoModule","faces":[]}
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলীয়া গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটি বেড়া ও পিলার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওই গ্রামের গৌতম সাহার পরিবারসহ কয়েকটি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে গেছে। প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়, প্রতিবেশী দীপঙ্কর সাহার সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সম্প্রতি দীপঙ্কর সাহা বিরোধপূর্ণ জমিতে খুঁটি ও বেড়া দিয়ে চলাচলের পথটি আটকে দেন। ফলে পরিবারগুলোর দৈনন্দিন চলাচলসহ শিশু ও বৃদ্ধদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজনের দাবি, আন্দুলীয়া সাহা পাড়ার এই রাস্তাটি গত ৮০ থেকে ৯০ বছর ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছেন। যাতায়াতের অন্য কোনো বিকল্প পথ না থাকায় পরিবারগুলো এখন অসহায় হয়ে পড়েছে। কয়েকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে দীপঙ্কর সাহা জানান, জমিটি তাঁর পৈত্রিক সম্পত্তি এবং মালিকানা ফিরে পেতে তিনি ইতিমধ্যে থানায় মামলাও করেছেন। তবে এলাকাবাসী বলছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জমি হলেও দীর্ঘ সময় ধরে চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসায় এটি এখন সাধারণের অধিকারের আওতায় পড়ে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, ‘সুখাধিকার আইন, ১৮৮২’ অনুযায়ী কোনো রাস্তা যদি ২০ বছরের বেশি সময় ধরে কোনো বাধা ছাড়াই নিয়মিত ব্যবহৃত হয়ে থাকে, তবে সেই পথে চলাচলের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে জমির মালিক চাইলেই হঠাৎ করে চলাচলের পথ বন্ধ করতে পারেন না।
ভুক্তভোগী গৌতম সাহা বলেন, “হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা ঘর থেকে বের হতে পারছি না। জরুরি প্রয়োজনে বা অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ারও কোনো পথ নেই। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
ডুমুরিয়া থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অবরুদ্ধ পরিবারগুলো স্বাভাবিক চলাচলের নিশ্চয়তা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।










