তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী সাতক্ষীরার চার খেলোয়াড়ের সংবর্ধনা
পত্রদূত ডেস্ক: ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইট জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের খেলোয়াড়েরা। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর ওয়ারেশ খান চৌধুরী, এটি এন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙা টেলিভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, ক্রিয়েটিভ এর পরিচালক ফিরোজ আহম্মেদ। সভাপতিত্ব করেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল।
পদকজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাঁদের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।












