তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আটক ৩
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি চক্রের নেতৃত্বে সংঘবদ্ধ বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তপনের নেতৃত্বে একটি দল হাজরাকাটি এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকার ফারুক বিশ্বাস ও তার সহযোগী হযরতকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, আটকের পরপরই আটক ব্যক্তিদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং অভিযানিক দলকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি অবনতি হওয়ার খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস ও মোসলেম খাঁ এর ছেলে রাশেদ খাঁ।
এ ঘটনায় স্থানীয় যুব নেতা নুরুল ইসলাম বিশ্বাস (নুরু) এর নেতৃত্বে হামলার অভিযোগ উঠলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে এসআই তপন জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর মব সৃষ্টি ও মাদক সংশ্লিষ্টতায় ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






