তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর (মুড়াগাছা) গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হরিহরনগর গ্রামের এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের সবুজ গাজীর (২৪) বিয়ের আয়োজন চলছেÑএমন খবর পায় ‘রিইব’-এর তালা উপজেলা সিএসও কমিটির এক সদস্য। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা প্রথমে কনের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য, খেশরা ক্যাম্প পুলিশ এবং গ্রামের লোকজনের উপস্থিতিতে বাল্যবিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে মেয়ের বাবার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একটি স্থানীয় সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগেই গতকাল সকালে সাতক্ষীরার এক নোটারি পাবলিকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে সবুজ গাজীর কাগজের কলমে বিয়ে সম্পন্ন করা হয়েছিল।





